ঝিনাইদহে দুপুরের পর দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহে মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি। দুপুর দুটোর মধ্যে ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ, মাস্ক পরা বাধ্যতামূলকসহ বেশ কয়েকটি বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা নিয়ন্ত্রণ বিষয়ক এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আজ বৃহস্পতিবার থেকে এই সিন্ধান্ত কঠোরভাবে কার্যকর করা হবে। সভা শেষে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, সকল ব্যবসায় প্রতিষ্ঠান, চায়ের দোকান দুপুর দুটোর মধ্যে বন্ধ করতে হবে। ওষুধের দোকান ছাড়া অন্য কোন দোকান খোলা রাখা যাবে না। ইজিবাইকে দু’জনের বেশি যাত্রী উঠানো যাবে না। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরে বাইরে গেলে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে জেল বা জরিমানা করা হবে। এছাড়া গ্রামাঞ্চলের বিভিন্ন দোকান বা চায়ের দোকান দুটোর পর খোলা পাওয়া গেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করবে। প্রত্যন্ত অঞ্চলে মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনা বৃদ্ধি করতে হবে।