ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

0

তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর) ॥ ঝিকরগাছায় বীর মুক্তিযোদ্ধা মহাদেব ভাস্কর (৭৩) কে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই বীর মুক্তিযোদ্ধার ভাইপো প্রহল্লাদ পালিতের স্ত্রী অনিতা রানী পালিত বাদী হয়ে শনিবার অভিযুক্ত ৩জনের বিরুদ্ধে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, উপজেলার ছুটিপুর গ্রামের আব্দুর রাজ্জাক ছেলে টিটু বিশ্বাস (৪০), টিটুর পিতা আব্দুর রাজ্জাক (৬০) ও টিটুর ছেলে রাতুল হোসেন (১৮)। অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে টিটু গং বাদী অনিতা রানীর বাড়ির ওপর এসে গালিগালাজ করাসহ মারধর করার জন্য লাঠসোঠা নিয়ে আসে। বিষয়টি জানতে পেরে বীর মুক্তিযোদ্ধা মহাদেব ভাস্কর এগিয়ে এসে টিটু গংকে থামানোর চেষ্টা করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে টিটু গং তাকেও গালিগালাজ করে। এসময় বীর মুক্তিযোদ্ধা সেখান থেকে ফিরে ছুটিপুর বাজারে বাবু নামের একজনের চায়ের দোকানে বসেছিলেন। রাত ৮টার দিকে টিটু ওই চায়ের দোকানে গিয়ে বীর মুক্তিযোদ্ধা মহাদেব ভাস্করকে আচমকা চড়থাপ্পড় মারে এবং এসব নিয়ে বেশি বাড়াবাড়ি করলে খুনজখমের হুমকি প্রদান করে। এসময় ওই চায়ের দোকানে থাকা জাকির হোসেন, হাসান আলীসহ অন্যরা ঠেকিয়ে দেয়। এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মহাদেব ভাস্কর দৈনিক লোকসমাজকে বলেন, একটি কাঁঠাল গাছের ডাল সংক্রান্ত তুচ্ছ ঘটনায় টিটু গং তার ভাইপো প্রহল্লাদ ও তার স্ত্রী অনিতা রানীকে গালিগালাজ করছিল।
উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী জানান, ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। থানা পুলিশ দ্রুত ব্যবস্থা নিবেন বলে আশা করছি। অন্যথায় বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অভিযুক্ত টিটুগংয়ের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে। জানতে চাইলে অভিযোগের তদন্তকারী অফিসার ঝিকরগাছা থানার এস আই সুমন বিশ^াস বলেন বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তপূর্বক অপরাধিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।