জীবননগর কাশিপুরে পরকীয়ার জের সংঘর্ষে আহত ২, একজন জেলহাজতে

0

জীবননগর সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুরে পরকীয়ায় জড়িয়ে অপরের স্ত্রী ভাগিয়ে নেয়ার ঘটনায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ওই স্ত্রীর সাবেক স্বামী সাইফুল ও তার ভাগ্নে রক্তাক্ত জখম হন। এ ঘটনায় আঘাতকারী ও ওই স্ত্রীর বর্তমান স্বামী জিন্নাত আলীকে(৩৫) জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর মাদ্রাসাপাড়ার মৃত জমির হোসেনের ছেলে জিন্নাত আলী পেশায় একজন মিস্ত্রি। গত ৭-৮ মাস আগে তিনি একই গ্রামের মৃত আজিবর শাহের ছেলে সাইফুল ইসলামের বাড়িতে মিস্ত্রির কাজ শুরু করেন। বাড়ির মালিক সাইফুল ইসলাম সম্পর্কে মিস্ত্রি জিন্নাত আলীর নানা। সেই সুবাদে সাইফুলের স্ত্রীকে নানি সম্বোধন করে কাজের ফাঁকে ধীরে ধীরে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ৩ সন্তানের মা জীনাত আলীর সাথে পালিয়ে যান। এর কিছুদিন পর গত বৃহস্পতিবারে জিন্নাত আলীকে গ্রামের জনৈক সুমনের ভাংড়ির দোকানে পেয়ে তার সাথে বাক বিতন্ডা শুরু করেন সাইফুল ইসলাম। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় জিন্নাত আলী সুযোগ বুঝে সাইফুলের মাথায় ও দোকানি সুমনকে হাতে কোপ দিয়ে মারাত্মক ভাবে আহত করে পালিয়ে যান। আহত সুমন সাইফুলের ভাগ্নে। পরে সাইফুল ইসলামের থানায় মামলা দিলে পুলিশ জিন্নাত আলীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। জিন্নাত আলীর পরিবারের দাবি সাইফুল ইসলামকে তার স্ত্রী অনেক আগেই তালাক দিয়েছে। জিন্নাত ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে কথা সঠিক নয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আব্দুর রহিম বলেন,জিন্নাত আলীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।