জীবননগরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা; অভিযুক্ত ছাত্রলীগ নেতা

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় স্বেচ্ছাসেবক দল নেতার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে রাসেল হোসেন নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) সকাল ৯টার দিকে রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেনের স্ত্রী রোজিনা খাতুন (২৭) বাড়ির পাশের জমির আইলে রাজহাঁসের বাচ্চাদের ঘাস খাওয়াচ্ছিলেন।

এ সময় রায়পুর দোয়াপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রাসেল হোসেন (২২) পেছন থেকে তাকে জাপটে ধরে পার্শ্ববর্তী একটি ড্রাগন বাগানে নিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির একপর্যায়ে অভিযুক্ত রাসেল তার কাছে থাকা ধারালো দা দিয়ে রোজিনা খাতুনকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

গৃহবধূর চিৎকারে তার মেয়ে ও শ্যালিকা এগিয়ে এলে রাসেল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

নিরাপত্তাহীনতায় পরিবার ভুক্তভোগীর স্বামী কবির হোসেন অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে স্থানীয় এক প্রভাবশালী নেতার নেতৃত্বে আমার ওপর হামলা করা হয়েছিল। এখন আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা ও হত্যার উদ্দেশ্যে জখম করা হয়েছে। আমরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে এই বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং দোষীর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।