জামায়াত প্রতিহিংসা পরায়ণ নয় : মিয়া গোলাম পরওয়ার

0

ফুলতলা (খুলনা) সংবাদদাতা॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত প্রতিশোধ পরায়ন নয়, বরং সহনশীল রাজনীতিতে বিশ্বাসী।

ফুলতলা উপজেলায় বিগত ১৫ বছরে জামায়াতসহ বিরোধী রাজনৈতিক নেতা- কর্মীদের ওপর জুলুম -নির্যাতন, হামলা -মামলা দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নির্যাতনের স্ট্রিম রুলার চালিয়েছে।

ফ্যাসিস্টের বিদায় হওয়ার পর প্রতিশোধ পরায়ণ হয়ে তাদের মতো হামলা, জুলুম, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হয়নি।

২০০১-২০০৬ সালে এমপি থাকাকালীন ফুলতলা-ডুমুরিয়ার বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনের জন্যে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কোন দিনক্ষণ বেঁধে দেইনি। তবে পরিপূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়ার সাথে জড়িত বিভাগগুলোকে পূর্ণ সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে। তা না হলে অতীতের তিনটি নির্বাচনের মতো জনগণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে না।

রোববার ফুলতলা উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জেসমিন আরা, কৃষি অফিসার মোছা. রাজিয়া সুলতানা,প্রকৌশলী মো. ইয়াছিন আরাফাত, ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন, সমাজসেবা অফিসার মো. শাহীন আলম, নির্বাচন অফিসার মো. রোকনুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়েদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফাতেমা বেগম, প্রাথমিক শিক্ষা অফিসার শাহনাজ বেগম, আইসিটি অফিসার অজয় কুমার পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, মাস্টার সিরাজুল ইসলাম, খানজাহান আলী থানা জামায়াতের আমীর ডা. সৈয়দ হাসান মাহমুদ টিটো, ফুলতলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীম মোল্যা, নায়েবে আমির মাও. ওবায়দুল্লাহ, সাইফুল হাসান খান, নজরুল ইসলাম জমাদ্দার, এইচএম শফিউল্লাহ হাজেরী, প্রেসক্লাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন প্রমুখ।

পরে তিনি সাবেক সিবিএ নেতা ও ইউপি সদস্য মরহুম আব্দুর রশিদ শেখের বাসভবনে যান ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।