জাতীয় পার্টিকে নির্বাচন থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে রিট

0
১৪ দলের শরিক ও ভ্রাতৃপ্রতিম তকমা; নির্বাচনে জাপার অংশগ্রহণ নিয়ে আইনি চ্যালেঞ্জ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (আনিসুল ইসলাম) নেতৃত্বাধীন নতুন জোটের প্রার্থীদের অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ভোলার বাসিন্দা আবদুল্লাহ আল মাহমুদ গত রোববার (৪ জানুয়ারি) এই রিট দায়ের করেন।

রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির জানান, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট মানবাধিকার লঙ্ঘনের মতো অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল বলে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ রয়েছে। সংবিধানের ৬৬(২)(ঙ) অনুচ্ছেদ অনুযায়ী এই জোটের শরিক দলগুলো নির্বাচনের অযোগ্য হওয়ার দাবিদার।

আবেদনে আরও বলা হয়েছে, গত মে মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আওয়ামী লীগের অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় পার্টি দীর্ঘ সময় আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম ও সহযোগী হিসেবে কাজ করায় তাদের প্রার্থীদের নির্বাচনে বৈধতা দেওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে জাতীয় পার্টির জি এম কাদেরের অংশ ২৪৩টি আসনে এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১১৯টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব এবং প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে রিটের ওপর প্রাথমিক শুনানি হতে পারে।