জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকাতে কেশবপুর ও যশোর সদর, বালকে যশোর পৌরসভা ও সদর জয়ী

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) যশোর জেলা পর্যায়ের সোমবার ৪টি খেলা অনুষ্ঠিত হয়েছে। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বালক বিভাগে যশোর পৌরসভা, ও সদর উপজেলা এবং বালিকা বিভাগে সদর ও কেশবপুর উপজেলা জয়লাভ করেছে।
‘বালক’ বিভাগের প্রথম খেলায় মুখোমুখি হয় যশোর পৌরসভা ও কেশবপুর উপজেলা। এ খেলায় যশোর পৌরসভা ৩-০ গোলে জয়লাভ করে। দলের পক্ষে মেহেদী হাসান দুটি এবং মোরছালিন একটি গোল করেন। দ্বিতীয় খেলায় চৌগাছা উপজেলাকে ৪-০ গোলে পরাজিত করে সদর উপজেলা। দলের পক্ষে রেদোয়ান দুটি এবং হাসিব ও সাকিব একটি করে গোল করেন। ‘বালিকা’ বিভাগের প্রথম খেলায়,কেশবপুর উপজেলা ৯-১ গোলের বড় ব্যবধানে যশোর পৌরসভাকে পরাজিত করে। দলের পক্ষে তানিয়া একাই পাঁচটি গোল করেন। এছাড়া নাজমিন নাহার ও তানিয়া খাতুন দুটি করে গোল করেন। অন্যদিকে যশোর পৌরসভার পক্ষে সাদিয়া একমাত্র গোলটি করেন। একই বিভাগের দ্বিতীয় খেলায় সদরের প্রতিপক্ষ চৌগাছা উপজেলা মাঠে উপস্থিত না হওয়ায়,সদর উপজেলা ওয়াকওভার লাভ করে।