চৗগাছায় গাছে ধাক্কা লেগে বাসচালকসহ আহত ৩

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় মামুন পরিবহনের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে দুমড়ে মুচড়ে গেছে। তবে বাসে কোনো যাত্রী না থাকায় শুধুমাত্র চালক, সুপারভাইজার ও তার সহকারী আহত হয়েছেন। আহত চালককে উন্নত চিকিৎসায় ঢাকাতে রেফার করা হয়েছে। রোববার সকাল ৮ টার দিকে চৌগাছা মহেশপুর সড়কে বয়সাগাড়ি খালের পাশে এই দুর্ঘটনা ঘটে। চালক ঘুমে আচ্ছন্ন থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬৪৭) পার্শ্ববর্তী ঝিনাইদহের মহেশপুরে সকল যাত্রী নামিয়ে চৌগাছা অভিমুখে রওনা দেয়। পথিমধ্যে চৌগাছার হাজরাখানা মাদ্রসা ছেড়ে বয়সাগাড়ি খালের পাশেই মেইন সড়কের পশ্চিমে একটি কড়াই গাছে ধাক্কা দেয়। এতে বাসটির ছাদ উল্টে যাওয়াসহ চালকের পাশের অংশ গাছের ভেতরে ঢুকে যায়।

বিকট শব্দে দুর্ঘটনায় স্থানীয়রা ছুটে আসে। বাসের ভেতর থেকে চালক মিজানুর রহমান ও হেলপার রুহুল আমিন এবং সুপারভাইজার আলামিনকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে পরে যশোরে ভর্তি করেন। সেখানে চালক মিজানুরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

চালক মিজানুর রহমান মহেশপুর উপজেলার ঘুগড়ি পান্তাপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে এবং হেলপার রুহুল আমিন একই উপজেলার পদ্মপুকুর এলাকার এবং সুপারভাইজার আলামিন মহেশপুরের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী রমজান আলী, বিল্লাল হোসেন বলেন, বাসটি খুবই দ্রুত গতিতে মহেশপুরের দিক থেকে আসছিল। খালের সন্নিকটে এসেই চালকের ডান দিকে বাসটি মোড় নিয়ে কড়াই গাছে ধাক্কা মারে। আমরা দ্রুত ছুটে আসি এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়, ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটেছে।