চৌগাছার হাজরাখানার সাঁকোর করুণ অবস্থা

0
ছবি: লোকসমাজ।

মুকুরুল ইসলাম মিন্টু,চৌগাছা (যশোর) ॥ চৌগাছার হাজরাখানা গ্রামের পাশ দিয়ে বয়ে চলা কপোতাক্ষ নদের ওপর বাঁশের সাকোর চরম বেহাল দশা। প্রায় তিন বছর আগে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান নিজ অর্থায়নের সাঁকোটি নুতনভাবে তৈরি করলেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এখন পারাপারে বেড়েছে ঝুঁকি। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে স্কুল-মাদ্রসার শিক্ষার্থীসহ সব বয়সের মানুষ পার হচ্ছেন।

উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজারখান গ্রামটি নানা কারণে বিখ্যাত। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে মহাকবি মাইকেল মধুসুদন দত্তের কপোতাক্ষ নদ। নদের পশ্চিমপাশে উঁচু মাটির ঢিবিতে চিরনিদ্রায় শায়িত আছেন এ অঞ্চলের প্রখ্যাত পীর বলুহ দেওয়ান (রহ)।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, দেশ বিভাগের আগে থেকেই বলুহর মাজারের পাশে কপোতাক্ষ পারাপারে ছিলো খেয়ার ব্যবস্থা। দেশ স্বাধীনের পরও সেটি অব্যহত ছিল। কিন্তু দেড় দশক আগে খেয়া পারাপার বন্ধ করে নদে বাঁশ-কাঠের সাঁকো তৈরি করেন স্থানীয়রা।

ছবি: লোকসমাজ।

স্থানীয়দের কষ্টের কথা বিবেচনা করে পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি আতাউর রহমান লাল ও ঠিকাদার লোকমান হোসেন লক্ষাধিক টাকা খরচে পুনরায় সাঁকোটি নির্মাণ করেন। গত তিন বছরে এটি মেরামত না করায় এখন সাঁকোর অবস্থা খুবই খারাপ।

স্থানীয়রা জানান, ভাদ্র মাসের শেষ মঙ্গলবারে শুরু হয় ঐতিহ্যবাহি পীর বলুহ মেলা। এই মেলা শুরুর আগে সাঁকোটি মেরামত করা জরুরি।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম বলেন, সাঁকোটি মেরামতের ব্যাপারে দুই চেয়রম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।