চৌগাছার সীমান্তে বিজিবির টহল জোরদার

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় ভারত সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সীমান্তে অবস্থিত বিভিন্ন বিওপি ক্যাম্পের বিজিপি জোয়ানরা সড়কে অবস্থান নিয়ে সন্দেহ হলেই ব্যক্তি বা বাহনে করছেন তল্লাশি। দেশ থেকে কোন অপরাধী এমনকি ভারত থেকে কোন অপরাধী যাতে দেশে প্রবেশ বা ভারতে যেতে না পারে ও মাদক পাচার বন্ধে এই তল্লাশি কার্যক্রম চলছে বলে জানা গেছে।

সোমবার থেকে চৌগাছার মাশিলা বিওপি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ উদ্দিনের নেতৃত্বে বিজিবি জোয়ানরা মাশিলা বাজারের প্রধান সড়কে অবস্থান নিয়ে ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। ভারত ঘেঁষা গ্রাম থেকে মোটরসাইকেলসহ বিভিন্ন বাহনে চৌগাছা উপজেলা সদরে আসা ও চৌগাছা থেকে ভারত সীমান্তের গ্রামে যাওয়া বাহনে চলে তল্লাশি চলছে। যাকেই সন্দেহ হচ্ছে বিজিবি জোয়ানরা তাদের গতিরোধ করে তল্লাশি করছেন। বিজিবির এই তল্লাশি কার্যক্রমকে অভিনন্দন জানিয়েছেন সীমান্তে বসবাসকারী লোকজন।

মাশিলা গ্রামের টিপু সুলতান, আব্দুর রশিদ ও উজ্জল হোসেন বলেন, কিছুদিন আগে মাশিলা সীমান্ত ঘেঁষা বাঁওড় হতে যশোরের এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এই তল্লাশির কারণে অপরাধ বন্ধ হবে। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ।

মাশিলা বিওপি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ উদ্দিন বলেন, টহল আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ। তারপরও দেশে বেশকিছু অপরাধমূলক কর্মকান্ড সম্প্রতি ঘটে গেছে। এসব অপরাধী কোনভাবেই যাতে দেশত্যাগ করতে না পারে ও ভারত থেকে কোন অপরাধী যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্যে টহল জোরদার করা হয়েছে।