চৌগাছার বহুল আলোচিত যুবলীগ নেতা পিন্টু আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের চৌগাছার বহুল আলোচিত যুবলীগ নেতা আব্দুল্লাহ হেল কাফি পিন্টুকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার রাতে চাঁদাবাজি মামলায় উপজেলার জগদীশপুর গ্রাম হতে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজি, চুরি, নিরীহ মানুষের ওপর নির্যাতন, মাদক সেবন ও ব্যবসা, সরকারি খাস জমি হতে বালি তোলা, চাকরি দেওয়ার নামে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ রয়েছে। একই সাথে চৌগাছা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার আটকের খবরে স্বস্তি ফিরেছে এলাকায়। শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জগদীশপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে আলোচিত যুবলীগ নেতা আব্দুল্লাহ হেল কাফি পিন্টুকে চাঁদাবাজি মামলায় পুলিশ আটক করেছে। ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার সাথে সাথে পিন্টুও চলে যায় আত্মগোপনে। প্রায় দুই মাস পর তিনি পুনরায় ফিরে আসেন এলাকায় এবং অনেক সাবধানতা অবলম্বন করে চলতে থাকেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জগদীশপুর গ্রামের একটি বাড়ি থেকে তাকে আটক করে।
স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, যুবলীগ নেতা আব্দুলাহ হেল কাফি পিন্টু বিগত সরকারের আমলে মূর্তিমান এক আতংক হিসেবে আবির্ভাব হয়। তার হাত ছিলো আনেক লম্বা, অপরাধ জগতের কিং হলেও বারবাই ছিলো ধরা ছোঁয়ার বাইরে। দু একবার আটক হলেও ক্ষমতার দাপটে বেশি দিন থাকতে হয়নি জেলখানায়। তিনি একজন চিহিৃত মাদক ব্যবসায়ী ও সেবনকারী। তার সীমান্তে রয়েছে শক্ত ঘাঁটি আর এলাকায় তৈরি করেছেন মাদকের আখড়া। তিনি এতোটাই ক্ষমতাধর ছিলেন যে, তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। নিজ ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেকার যুবকদের চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে পিন্টু।
জগদীশপুর গ্রামের পাশেই বিশ্বনাথপুর গ্রামের গাঁ ঘেঁষে সরকারি ১নং খতিয়ানের জমি থেকে অবৈধ ভাবে বালি তুলে সেখানে সৃষ্টি করেছেন গভীর গর্ত। বালি তুলে তিনি হয়েছেন লাখোপতি, আর পাশের বহু কৃষককে করেছেন নিঃস্ব। বালি তোলার কারণে সৃষ্ট গর্তে বহু ফসলি জমি ভেঙে মিশে গেছে, অসহায় হয়ে পড়েছেন সাধারণ চাষিরা। বারবার তাকে বালি তোলা হতে বিরত থাকার কথা বলেও কোনো কাজ হয়নি। বরং চাষিরা তার হাতে হয়েছেন নির্যাতনের শিকার। আলোচিত পিন্টুর নামে চৌগাছা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। তাকে রিমান্ডে নিলে বহু অজানা তথ্য বের হতে পারে যা অনেকেরই অজানা, তাই রিমান্ডের দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
চৌগাছার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জেল্লাল হোসেন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।