চুয়াডাঙ্গায় শীতার্ত ও ছিন্নমূল মানুষের পাশে পুনাক: গভীর রাতে শীতবস্ত্র বিতরণ

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় জেঁকে বসা তীব্র শীত ও ঘন কুয়াশায় অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। রবিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকা, বিভিন্ন যাত্রী ছাউনি এবং রাস্তায় নিয়োজিত নৈশপ্রহরীদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গা পুনাক সভানেত্রী ডা. রোকেয়া আখতারের সার্বিক তত্ত্বাবধায়নে এই কার্যক্রম পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন পুনাক-এর সহ-সভানেত্রী মিসেস ফাহমিদা ইসলাম তমা এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

হাড়কাঁপানো শীতে রেলস্টেশন ও ফুটপাতে আশ্রয় নেওয়া প্রান্তিক মানুষের যখন নাজেহাল অবস্থা, তখন গভীর রাতে তাদের কাছে উষ্ণতার পরশ পৌঁছে দিতে পুনাক এই উদ্যোগ নেয়। সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ঘুরে ঘুরে ছিন্নমূল মানুষের গায়ে কম্বল ও শীতবস্ত্র জড়িয়ে দেন।

বিতরণকালে ডা. রোকেয়া আখতার বলেন, “তীব্র শীত ও কুয়াশায় প্রান্তিক মানুষের কষ্ট লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। শীতার্ত মানুষের প্রতি শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা থেকে আমরা রাস্তায় নেমেছি। আশা করি, এই উদ্যোগ হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত মানুষদের কিছুটা হলেও সুরক্ষা দেবে।”

তিনি আরও জানান, ভবিষ্যতে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে পুনাক-এর এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।