চুয়াডাঙ্গায় তাপমাত্রা ১০ দশমিক ৫ ডি.সে

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গায় কমছে না শীতের তীব্রতা। কুয়াশার চাদরে ঢেকে থাকছে চারপাশ। তাপমাত্রার পারদ নেমেছে ১০ ডিগ্রির ঘরে। বুধবার সকাল থেকে সূর্যের দেখা মেলেনি এ জনপদে। উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত থাকায় জনদুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।

খুব প্রয়োজন ছাড়া কেউ কাজে বের হচ্ছেন না। শীতে দুর্ভোগে পড়েছে খেটে-খাওয়া ছিন্নমূল মানুষ। শীতের প্রকোপ বাড়তে থাকায় চুয়াডাঙ্গার সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। এটি এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। তাপমাত্রা আরও কমতে পারে বলে তিনি জানান।