চুয়াডাঙ্গার ভীমরুল্লা থেকে ৭৯৪ বোতল ফেনসিডিলসহ আটক ৩

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার পৌর এলাকার ভীমরুল্লা থেকে ৭৯৩ বোতল ফেনসিডিল ও একটি পিকআপ ভ্যাসসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব।
র‌্যাবের-৬ কোম্পানি কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বজলুর রশীদ জানান, সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদ পেয়ে তারই নেতৃত্বে র‌্যাব চুয়াডাঙ্গা পৌর এলাকার ভীমরুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় ভারত সীমান্তবর্তী এলাকা থেকে আসা আলু ও পেঁয়াজভর্তি একটি পিকআপ ভ্যানকে (ঢাকা মেট্রো-ন-১৯-২২৪৯) তারা গতিরোধ করেন। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ওই পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৪টি সাদা বস্তা থেকে ৭৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম (২৫), বরিশাল জেলার কাউনিয়া উপজেলার আমানতগঞ্জ (পলাশপুর) গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ সোহেল (২৮) ও একই এলাকার সিরাজ হাওলাদারের ছেলে সবুজ হাওলাদারকে (২৬) আটক করা হয়। তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন সেট, ৩টি সিমকার্ড, সাড়ে ৭ হাজার টাকা, একটি মানিব্যাগ ও ৭৫টি আলু ও পেঁয়াজভর্তি বস্তা উদ্ধার করা করে র‌্যাব।
তিনি জানান, আটক পিকআপ ভ্যানে বহন করা আলু ও পেঁয়াজের চালানে ঢাকার গাবতলী লেখা ছিল। আটক ৩ জনকে ফেনসিডিল ও তাদের কাছ থেকে উদ্ধার করা জিনিসসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‌্যাবের-৬ ডিএডি হাদিয়ার রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।