চুয়াডাঙ্গা সীমান্তে ৮টি সোনার বারসহ আটক- ২

১ কেজি ১৬২ গ্রাম ওজনের ৮টি বার উদ্ধার

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ ভারতে পাচারের আগেই চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে ১ কোটি ৭২ লাখ ১৫ হাজার ১৮২ টাকা মূল্যের ১ কেজি ১৬২ গ্রাম ওজনের ৮টি সোনার বারসহ দু পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় পাচার কাজে ব্যবহৃত ১টি লাল রঙের বাজাজ ডিসকভার মোটরসাইকেল ও ১টি বাটন ফোন জব্দ করা হয়।

আটক পাচারকারীরা হলেন, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন (৪৯) ও একই গ্রামের মরহুম খোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক হায়দার আলী মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান,ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান গোয়েন্দা তথ্যে জানতে পারেন, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সীমান্তবর্তী ছয়ঘরিয়া গ্রাম ব্যবহার করে চোরাকারবারীরা ভারতে সোনা পাচার করবে।

এরপর বিজিবির একটি সশস্ত্র দল সকাল ৮টার দিকে সীমান্ত পিলার বাংলাদেশের অভ্যন্তরে ছয়ঘরিয়া গ্রামের রাস্তার ওপর অবস্থান নেয়। আনুমানিক সকাল সাড়ে ৮টায় বিজিবির দলটি একটি মোটরসাইকেলে ২জন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখেন। তাদের থামার সংকেত দিলে মোটরসাইকেল আরোহীরা মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যেতে চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করেন। আটক আব্দুল মমিনের কোমরে থাকা স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮টি সোনার বার উদ্ধার করা হয়।

এছাড়াও আটক পাচারকারীদের কাছ থেকে চোরাচালানের কাজে ব্যবহৃত ১টি লাল রঙের বাজাজ ডিসকভার মোটরসাইকেল ও ১টি বাটন ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাচারকারীরা ওই সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেন।

এ ব্যাপারে হাবিলদার মিজানুর রহমান দর্শনা থানায় মামলা করে আটক পাচারকারীদের থানায় হস্তান্তর করেছেন। উদ্ধার করা সোনা চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।