চুকনগরে ইঞ্জিনভ্যান চালাতে গিয়ে শিশুর মৃত্যু

0

 

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার চুকনগরে ইঞ্জিনভ্যান চালাতে গিয়ে পিলারে আঘাত পেয়ে ৬ বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। শনিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে শিশুটি মারা যায়। সে ডুমুরিয়া উপজেলার উত্তর চাকুন্দিয়া গ্রামের ওয়াহেদ আলী মোল্যার ছেলে নাসির উদ্দীন (৬)।
শিশুটির পারিবারিক সূত্র জানায়, নাসিরের চাচা একজন ভ্যানচালক। শনিবার সন্ধ্যায় তিনি ভ্যান চালিয়ে ভ্যানটি বাড়ির উঠানে রেখে ঘরে যান। ইতোমধ্যে শিশু নাসির উদ্দীন সবার অগোচরে ভ্যানের সিটে উঠে ইঞ্জিন ভ্যানের পিকআপে হাত রেখে চাপ দেয়া মাত্রই ভ্যানটি দ্রুত গতিতে চলতে শুরু করে। ভ্যানটি দ্রুত গতিতে চলতে থাকলে এক পর্যায়ে শিশটির হাত থেকে ভ্যানের হ্যান্ডেল ছেড়ে যায় এবং নাসির ঘরের পিলারে সজোরে ধাক্কা লেগে মাথায় প্রচন্ড আঘাত পায় এবং মাথা দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। এসময় তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন। কিন্তু হাসপাতালে নেয়ার আগেই আগেই শিশু নাসির মৃত্যুবরণ করে। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।