‘চিন হারমোনাইজেশন’ করিয়ে নতুন লুকে রিয়াল তারকা ভিনিসিয়ুস জুনিয়র

0
'চিন হারমোনাইজেশন' প্রক্রিয়ার পর ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের বদলে যাওয়া চিবুক ও চোয়ালের নতুন গঠন।। ছবি: সংগৃহীত

বিশ্বকাপে শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর এবার সম্পূর্ণ ভিন্ন এক কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। চিবুক ও চোয়ালের গঠন পরিবর্তনের জন্য তিনি ‘চিন হারমোনাইজেশন’ নামে একটি প্রসাধনী বা কসমেটিক চিকিৎসা করিয়েছেন বলে নিশ্চিত করেছে ব্রাজিলের একাধিক সংবাদমাধ্যম।

চিকিৎসার পর তাঁর নতুন চেহারার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমর্থকদের মাঝে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ছবিতে দেখা যাচ্ছে, আগের তুলনায় তাঁর চিবুক ও চোয়ালের গঠন অনেক বেশি স্পষ্ট এবং সুনির্দিষ্ট।

ব্রাজিলের ভক্ত-সমর্থকরা নতুন চেহারায় তাঁকে দেখে যেন চিনতেই পারছেন না, এমনকি অনেকে রসিকতা করে ব্রাজিলের সাবেক মিডফিল্ডার রামিরেসের সঙ্গে তাঁর তুলনা করছেন।

‘চিন হারমোনাইজেশন’ মূলত এমন একটি প্রসাধনী পদ্ধতি, যেখানে চিবুকের আকার ও অবস্থানে পরিবর্তন এনে মুখের সামগ্রিক ভারসাম্য ফুটিয়ে তোলা হয়। ভিনিসিয়ুসের ক্ষেত্রে প্রচলিত অস্ত্রোপচারের বদলে বিশেষ ফিলার ব্যবহারের মাধ্যমে চিবুক ও চোয়ালের গঠন উন্নত করা হয়েছে।

নতুন চেহারায় বান্ধবীর সঙ্গে ভিনিসিয়ুস জুনিয়র ।। ছবি: সংগৃহীত

ব্রাজিলের গইয়ানিয়ায় লুমিনি প্রিভিলেজ ক্লিনিকে চর্মরোগবিশেষজ্ঞ আলেসান্দ্রো আলারকাও এ প্রক্রিয়াটি সম্পন্ন করেন। চিকিৎসা পরবর্তী প্রাথমিক ফোলা ভাব কমে গেলে চেহারার এই পরিবর্তনে আরও স্পষ্টতা আসবে বলে জানানো হয়েছে।

সদ্য সমাপ্ত বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায় হলেও রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন। ৫ ম্যাচে ৪টি গোল ও ১টি অ্যাসিস্ট করেন তিনি।

গ্রীষ্মকালীন বিরতিতে চেহারায় পরিবর্তন আনার এই ব্যক্তিগত সিদ্ধান্ত সেরে এখন রিয়াল মাদ্রিদে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভিনি। প্রাক্-মৌসুম অনুশীলনে অংশ নিতে শিগগিরই স্পেনে ফিরবেন তিনি। রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ আর এক বছর বাকি থাকলেও ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের আশ্বাস—উভয় পক্ষই একসাথে পথচলা বজায় রাখতে আগ্রহী।