চার দিন নিখোঁজের পর পুকুরে মিলল কৃষকের লাশ

0
ঝিনাইদহের কোটচাঁদপুরে চার দিন নিখোঁজ থাকার পর মো. মফিজুল ইসলাম নামে এক কৃষকের মরদেহ বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর রহস্য উদঘাটনে মরদেহ মর্গে পাঠানো হয়েছে।। ফাইল ছবি: সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের কোটচাঁদপুরে চার দিন নিখোঁজ থাকার পর মো. মফিজুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মরদেহ বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটের দিকে উপজেলার কুশনা ইউনিয়নের হরিন্দীয়া ঝামাঘাটা গ্রামের আনোয়ার হোসেনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মফিজুল ইসলাম ওই গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চার দিন আগে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন মফিজুল ইসলাম। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ মফিজুল ইসলামের বলে শনাক্ত করেন। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ‘চার দিন ধরে নিখোঁজ থাকা মফিজুল ইসলামের মরদেহ বাড়ির পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চার দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশের পুকুর থেকে মফিজুল ইসলামের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।