চারদিনের ৬ নারী পুরুষের আত্মহত্যা যশোরে

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে গত চারদিনে ৬ জন নারী ও পুরুষ আত্মহত্যা করেছেন। পারিবারিক গোলযোগের জের ধরে তারা আত্মহত্যার পথ বেঁছে নেন।
হাসপাতাল ও স্বজনদের সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সোনিয়া খাতুন (২৩) নামে এক নারী তার পিত্রালয়ে একটি টিনের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেন। দুপুর ২টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হলে ডা. মো. মুরসালীনুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। সোনিয়া যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আলী আকবর রাশেদের কন্যা। মৃতার মাতা খালেদা বেগম এবং পিতা আলী আকবর রাশেদ জানিয়েছেন, স্বামী, শ্বাশুড়ী ও ননদের অত্যাচারের শিকার হয়ে সোনিয়া খাতুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তারা বলেন, চুড়ামনকাটি গ্রামের ইমরান হোসেনের সাথে দু’বছর আগে তার বিয়ে হয়। স্বামী-স্ত্রী উভয়ে ঢাকায় থাকেন। ঈদের ছুটিতে তারা বাড়ি এসেছেন। সোনিয়া খাতুন পিত্রালয় থেকে গতকাল বেলা ১১টার দিকে তার স্বামীর বাড়ি যান। সেখানে যাওয়া মাত্রই শাশুড়ী ও ননদ তাকে গালিগালাজ করে। স্বামী ইমরান তাকে তালাক দেয়ার হুমকি দেয়। এরপর পিতার বাড়ি এসে সোনিয়া গলায় ফাঁস দেন। মৃতার ভাই হাদিসুর রহমান জানিয়েছেন, স্বামী ইমরান ঢাকায় প্রাণ কোম্পানিতে সেলসম্যান পদে চাকরি করেন। ঈদের ছুটিতে আসলে জামাইকে ১০/১৫ হাজার টাকা সম্মানী বাবদ হাত খরচ দিতে হয়। এ বছর ওই টাকা দিতে না পারার কারণে তার উপর স্বামীসহ তার লোকজন মানসিকভাবে এ অত্যাচার চালায়।
অপরদিকে, গতকাল বেলা ১১টার দিকে অভয়নগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে শারমিনা খাতুন (২৭) নামে এক গৃহবধূ স্বামীর গৃহে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শারমিনা ওই গ্রামের হারুন বিশ্বাসের স্ত্রী। শারমিনার একই উপজেলার গাজীপুরের আনোয়ার হোসেন সরদারের কন্যা। আনোয়ার হোসেন সরদার জানিয়েছেন, নন্দাই ফরহাদ হোসেনের সাথে শারমিনা খাতুন মোবাইলে হাসি-তামাশা করেছে। এ ঘটনায় তার চাচী শ্বাশুড়ী ফজিলা, সেলিনাসহ অন্যরা শারমিনার বিরুদ্ধে অপবাদ দেয়। এ কারণে তিনি মনের ক্ষোভে গলায় ফাঁস দেন।
এছাড়া পারিবারিক গোলযোগের জের ধরে ঝিকরগাছা উপজেলার বর্নি গ্রামের আফিল উদ্দিন (৬৫), মনিরামপুরের বাসুদেবপুর গ্রামের সাধন কুমার বিশ্বাস (৩৫), গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ২ মে যশোর সদর উপজেলার তালবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের কন্যা, কলেজছাত্রী অনিমা খাতুন (২২), গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ৪ মে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন, সদর উপজেলার সাতমাইল গ্রামের বৃদ্ধ মাওলা বক্স (৮৫)। পারিবারিক কলহের জের ধরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।