চলতি সপ্তাহেই এসএসসির ফল প্রকাশ

0

লোকসমাজ ডেস্ক॥ চলতি সপ্তাহেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ। রবিবার তিনি এ কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালদ্বীপ সফর শেষে দেশে ফেরার পর যে কোনোদিন ফলাফল ঘোষণা করা হবে। অধ্যাপক নেহাল আহমেদ বলেন, “আমরা এ মাসেই ফলাফল দেব। প্রধানমন্ত্রী মালদ্বীপ সফরে যাওয়ার আগে শুধু বলে গেছেন, এ মাসেই ফলাফল দেওয়া হবে।”
ছয় দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার বিকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। প্রতিবছর তিনিই আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করেন। নেহাল আহমেদ বলেন, “আমরা প্রস্তুত রয়েছি, প্রধানমন্ত্রী ফিরলেই আমরা রেজাল্ট দেব। এ মাসেই রেজাল্ট দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আমরা। এটা পুরোপুরি নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর। উনি অনেক ব্যস্ত, উনার সময় পাওয়াটাই বড় বিষয়, যার জন্য আমরা তারিখটা বলছি না বা বলার সুযোগ নাই।” প্রধানমন্ত্রী ৩০ ডিসেম্বর আগামী বছরের বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন। সেদিনই এসএসসির ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এর আগে এসএসসি পরীক্ষার প্রথম দিন শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছিলেন, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। করোনা মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার নয় মাস পিছিয়ে গত ১৪ নভেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়, যার মাধ্যমে দেড় বছর পর প্রথম কোনো পাবলিক পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। এবার এসএসসিতে পরীক্ষার্থী ছিল ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন। সংক্ষিপ্ত সিলেবাসে কেবল তিনটি নৈর্বচনিক বিষয়ে তাদের পরীক্ষা দিতে হয়েছে। বাংলা, ইংরেজির মত আবশ্যিক বিষয়গুলোতে আগের পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।