চট্টগ্রামে ডেভিড ইমনের ৭ সহযোগী গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও মোবাইল জব্দ

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রামের হাটহাজারী ও বায়েজিদ বোস্তামী এলাকায় বিদেশি নম্বর ব্যবহার করে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সন্ত্রাসী ডেভিড ইমনের সাত সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় কিছু অস্ত্র এবং বিদেশি নম্বর ব্যবহার করা চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মিয়া।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হাটহাজারীর খন্দকিয়া এলাকার কামরুল হাসান ওরফে সাগর (২৫), মো. রিকু (২৫), মো. মানিক (৪০), নুরুল আলম (৪০), ছিপাতলী এলাকার আহমদুল্লাহ ওরফে মাসুম মেম্বার (৪০), চিনকদণ্ডী এলাকার আহমদ রেজা শাকিল (২৫) এবং নগরীর বায়েজিদ থানাধীন জালালাবাদ এলাকার মো. তরিকুল ইসলাম ওরফে রোহিত (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার আহমদ রেজা শাকিলের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও সন্ত্রাসবিরোধী আইনে আটটি মামলা রয়েছে। মো. মানিকের বিরুদ্ধে মাদকদ্রব্য ও ডাকাতির প্রস্তুতিসহ দুটি মামলা রয়েছে। এছাড়া কামরুল হাসান ওরফে সাগর, মো. রিকু, তরিকুল ইসলাম ওরফে রোহিত এবং আহমদুল্লাহ ওরফে মাসুম মেম্বারের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী আইনে তিনটি করে মামলা রয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মিয়া বলেন, হাটহাজারী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিদেশি নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছে সন্ত্রাসী রায়হান, বড় সাজ্জাদসহ বিভিন্ন সন্ত্রাসীর নাম ব্যবহার করে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ পাওয়া যায়। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সম্প্রতি হাটহাজারীর আমানবাজার এলাকার এক চিকিৎসকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে হুমকি দেওয়া হয়। চাঁদা না দিলে তাকে হত্যার হুমকি দেওয়ার পাশাপাশি ‘১০০ জন পুলিশ পাহারায় থাকলেও রক্ষা করা যাবে না’ বলেও ভয় দেখানো হয়। একইভাবে বড়দিঘীর পাড় এলাকার এক ব্যবসায়ীর কাছেও বিদেশি নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

পুলিশের ভাষ্য, এসব ঘটনা সম্পর্কে তথ্য পাওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সূত্র এবং আগে গ্রেপ্তার হওয়া সন্ত্রাসী ডেভিড ইমন ও কালা মোবারককে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রটির সদস্যদের শনাক্ত করা হয়।