ঘূর্ণিঝড় দানার প্রভাবে তলিয়ে গেছে তালার নিম্নাঞ্চল

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ ঘূর্ণিঝড় দানার প্রভাবে সৃষ্ট বৃষ্টিতে তালা উপজেলা নিম্নাঞ্চল আবারও তলিয়ে গেছে। তালা উপজেলার ১২টি ইউনিয়নের প্রায় ৪ লাখ মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। দফায় দফায় বর্ষণে মৎস্যঘের, আউশ ধানক্ষেত, সবজির ক্ষেতেসহ ফসল নষ্ট হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলা তেঁতুলিয়া, খেশরা, খলিশখালী, নগরঘাটা ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব ইউনিয়নে ধান ও সবজি পানিতে নষ্ট হয়ে গেছে।
এদিকে ধারাবাহিক বৃষ্টিতে বেসরকারি হিসাব অনুযায়ী উপজেলার ১ থেকে ২ হাজার মৎস্যঘের পানিতে তলিয়ে গেছে। সরেজমিনে ঘুওে তেঁতুলিয়া ইউনিয়নে দেখা গেছে, এই ইউনিয়নটি ১৭টি গ্রামের সবকটিই পানিতে প্লাবিত হয়েছে। কৃষকদের ফসল পানির নিচে থাকায় পচন ধরে নষ্ট হয়ে গেছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিরাশুনী, লাউতাড়া, পাঁচরোখি, সুভাশিনী, মদনপুর, সুমজদিপুর, দেওয়ানীপাড়া গ্রাম।
তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, এই এলাকার পানি নিষ্কাশনের জন্যে সাধারণত খুলনা জেলার ডুমুরিয়া ও যশোর জেলার কেশবপুর উপজেলার ভদ্রা নদী দিয়ে পানি ওঠানামা করে। বর্তমানে ডুমুরিয়ার চুকনগরের নরনিয়া অংশে ভদ্রা নদীর তলদেশ উঁচু ও স্লুইসগেট পলিমাটিতে উঁচু হয়ে পানি নিষ্কাশন বাঁধাগ্রস্ত হচ্ছে।
তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. রাসেল জানান, কয়েকদিনের অতি বর্ষণ ও সাতক্ষীরা সদরের বেতনা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে উপজেলার বিভিন্ন অঞ্চল তলিয়ে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় দানার কারণে প্রবল বর্ষণে দুর্গত এলাকায় পানি আরও বৃদ্ধি পেয়েছে।