গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সড়ক অবরোধের ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

0
গ্রেপ্তার তাপস হালদার।

লোকসমাজ ডেস্ক ॥ গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা তাপস হালদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। গত জুলাইতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির দিনে সড়ক অবরোধের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদর থেকে কোটালীপাড়া থানা পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তাপস হালদার কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমরিয়া গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে।

কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, তাপস হালদারকে গত ১৬ জুলাই মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনার মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার তাপস হালদারকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে এই মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।