গুলিস্তানে শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন

0
গুলিস্তানের খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদে অগ্নিকাণ্ড; আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থিত ‘খদ্দর বাজার শপিং কমপ্লেক্স’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টা ২৮ মিনিটে আটতলা বিশিষ্ট ভবনটির ছাদের ওপর অবস্থিত একটি বাণিজ্যিক গোডাউনে এই আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুনের সংবাদ পাওয়ার মাত্র ৫ মিনিটের মাথায় অর্থাৎ বিকেল ৫টা ৩৩ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম দল ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে ৬টি ইউনিট কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বাড়ায় পরবর্তীতে আরও ৩টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। বাণিজ্যিক ভবনটির শীর্ষে গোডাউন থাকায় এবং প্রচুর দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো জিরো পয়েন্ট ও গুলিস্তান এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। জুমার পরের ছুটির দিন হওয়ায় এলাকায় মানুষের ভিড় ও রাস্তায় যানজটের কারণে পানির উৎস পেতে ফায়ার সার্ভিস কর্মীদের শুরুতে বেগ পেতে হয়। নিচে থাকা মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতারা আতঙ্কে দ্রুত ভবন থেকে বেরিয়ে আসায় বড় কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি এবং আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।