গাজীপুরে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে ৩ জনের মৃত্যু; পিকআপ ভ্যানে আগুন

0
গাজীপুরে গরু চোরদের পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা

গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে তিনজনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার ভোররাত চারটার দিকে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা চোর চক্রের ব্যবহৃত একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ থেকে ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চোর চক্র একটি পিকআপ ভ্যান নিয়ে বাগচালা এলাকার আবু বক্কর সিদ্দিকের বাড়িতে গরু চুরি করতে যায়। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাদের ধাওয়া করে। চক্রের বাকি সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দাসহ আটকে ফেলে স্থানীয়রা। পরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে কালিয়াকৈর থানা-পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।