গণসংবর্ধনা মঞ্চে তারেক রহমান

0
বিকেল ৩টা ৫০ মিনিটে লক্ষ লক্ষ মানুষের স্লোগানে মুখরিত ৩০০ ফিট সংবর্ধনা মঞ্চে এসে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে স্বদেশের মাটিতে পা রেখেই জনসমুদ্রে ভাসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে তিনি রাজধানীর কুড়িল-বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট সড়কের বিশাল গণসংবর্ধনা স্থলে পৌঁছান।

বিমানবন্দর থেকে সভাস্থল পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তা জনস্রোতে পরিণত হওয়ায় তাঁর বহনকারী গাড়িটির পৌঁছাতে দীর্ঘ সময় লাগে।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী ড্রিমলাইনার ‘সোনার তরী’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান থেকে নেমে তারেক রহমান পরম মমতায় সিজদাবনত হয়ে মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখেন; এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলিঙ্গন ও কুশল বিনিময় শেষে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হন। সেখানে তাঁর শাশুড়ি তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমান ‘বাংলাদেশ’ লেখা একটি বিশেষ লাল-সবুজ বুলেটপ্রুফ বাসে চড়ে সংবর্ধনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। রাস্তার দুই পাশে অপেক্ষমাণ লক্ষ লক্ষ মানুষ স্লোগানে স্লোগানে তাঁকে অভিবাদন জানান।

উল্লেখ্য, বুধবার লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে স্ত্রী ও কন্যাসহ দেশের পথে রওনা হয়েছিলেন তিনি। দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে।