খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি: অবস্থা আশঙ্কাজনক

0
খুলনা মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন মোতালেব শিকদার; শহরজুড়ে থমথমে পরিস্থিতি ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে জনাকীর্ণ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মোতালেব শিকদার এনসিপির খুলনা বিভাগীয় প্রধানের পাশাপাশি দলটির শ্রমিক সংগঠন ‘শ্রমিক শক্তি’র কেন্দ্রীয় সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মাথায় গুলি লেগেছে বলে দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি জানান, দুপুরে সোনাডাঙ্গা এলাকায় মোতালেব শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

প্রকাশ্য দিবালোকে এই হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলার কারণ এবং কারা এর সাথে জড়িত সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ তদন্ত কার্যক্রম শুরু করেছে। এনসিপি নেতাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।