খালেদা জিয়ার স্মরণে যশোর মেডিকেল কলেজে আলোচনা ও দোয়া

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় যশোর মেডিকেল কলেজ ও মেডিকেল কলেজ শিক্ষক সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে মেডিকেল কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া আজীবন এদেশের মানুষের ভাত ও ভোটের অধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অবিচল ছিলেন। তার আপসহীন নেতৃত্বের কারণেই এদেশের ক্ষমতাসীন স্বৈরাচার ও ফ্যাসিস্ট শক্তির পতন ঘটেছে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

বক্তারা আরও উল্লেখ করেন, তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও তিনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি। দেশের মানুষের প্রতি তার মানবিক আচরণের কারণে এদেশের মানুষ তাকে ভালোবাসার উচ্চাসনে বসিয়েছে এবং ‘গণতন্ত্রের মাতা’ হিসেবে শ্রদ্ধা জানায়। এটি সহ্য করতে না পেরে তৎকালীন বিরোধীরা তার ওপর অমানবিক নির্যাতন চালিয়েছে।

রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে তার স্মৃতিবিজড়িত মঈনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, বছরের পর বছর গৃহবন্দী করে রাখা হয়েছে এবং তার সন্তানদের দেশছাড়া করা হয়েছে। এমনকি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যু ছিল অত্যন্ত বেদনাদায়ক। এতসব নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো প্রতিশোধ গ্রহণের পথে হাঁটেননি, বরং ধৈর্য ও মহানুভবতার পরিচয় দিয়েছেন।

আলোচনা সভায় খালেদা জিয়ার জীবনের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি আধিপত্যবাদকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই প্রমাণ করে এদেশের মানুষের কাছে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। বিশ্বের ইতিহাসে কোনো জননেতার জানাজায় এমন বিশাল জনসমুদ্র বিরল। তার কর্মগুণই তাকে ‘মাদার অফ ডেমোক্রেসি’ উপাধিতে ভূষিত করেছে। তার মৃত্যুতে পুরো দেশ শোকস্তব্ধ। বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে এসময় অনেক বক্তা আবেগাপ্লুত হয়ে পড়েন।

যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ এইচ এম আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আহাম্মদ ফেরদৌস জাহাঙ্গীর সুমন, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শরিফুল আলম খান, আইসিইউ ইনচার্জ এবং ড্যাব কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. মো. রবিউল ইসলাম তুহিন, ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডা. ওহিদুজ্জামান আজাদ, যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ইএনটি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. মো. আহসান কবির বাপ্পি, ডা. মো. ইকবাল হোসেন, ডা. মো. নুর কুতুবুল আলম, ডা. মো. মনির হাসান, ডা. মো. তৌহিদুল আলম, ডা. তানজিরুল হক তনু এবং ডা. এলিজা হক।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সহকারী অধ্যাপক ডা. মো. আহাদ আলী মহলদার। মোনাজাতে মহান আল¬াহর দরবারে মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়।