কোনো দেশকে ‘বিশ্বের বিচারক’ হিসেবে মেনে নেবে না চীন, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

0
মাদুরোকে আটকের ঘটনায় বেইজিংয়ের হুঁশিয়ারি; বিপন্ন সার্বভৌমত্ব নিয়ে উদ্বিগ্ন ওয়াং ই ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ভেনেজুয়েলায় মার্কিন বিমান হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। বেইজিং জানিয়েছে, কোনো নির্দিষ্ট দেশ নিজেকে ‘বিশ্বের বিচারক’ বা ‘বিশ্বের পুলিশ’ হিসেবে দাবি করলে তা কখনোই মেনে নেওয়া হবে না। সোমবার (৫ জানুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র এই হুঁশিয়ারির কথা জানানো হয়েছে।

রোববার বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক বৈঠকে ওয়াং ই বলেন, “আমরা মনে করি না কোনো দেশ এককভাবে বিশ্বের পুলিশ হিসেবে কাজ করতে পারে। আন্তর্জাতিক আইনের অধীনে প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা সুরক্ষিত হওয়া উচিত।” সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও ভেনেজুয়েলার সাম্প্রতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন।

উল্লেখ্য, গত শনিবার কারাকাসে ভয়াবহ বিমান হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হাতকড়া পরা অবস্থায় ধরে নিয়ে যায় মার্কিন বাহিনী। বর্তমানে তিনি নিউইয়র্কের একটি আটক কেন্দ্রে রয়েছেন। মাদুরোর আটকের কয়েক ঘণ্টা আগেও চীনা বিশেষ প্রতিনিধির সঙ্গে তার বৈঠক হয়েছিল। দীর্ঘদিনের মিত্র ও অর্থনৈতিক অংশীদার মাদুরোর এই আকস্মিক পতনকে বেইজিংয়ের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ২০১৭ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা ভেনেজুয়েলাকে চীন বিলিয়ন ডলারের বাণিজ্য সুবিধা দিয়ে আসছিল।

সূত্র: রয়টার্স