কোটচাঁদপুরে জোড়া হত্যা মামলা প্রধান আসামি সোহাগ গ্রেফতার

0

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কোটচাঁদপুরে আলোচিত জোড়া হত্যায় করা মামলায় প্রধান আসামি সোহাগ হোসেন (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার একটি হাসপাতালে গোপনে চিকিৎসা নেওয়ার সময় তাকে গ্রেফতার করে কোটচাঁদপুর থানা পুলিশ। এদিকে প্রভাবিত হতে পারে আশঙ্কা প্রকাশ করে মামলাটি পিবিআইয়ের হাতে হস্তান্তরের দাবি করেছেন নিহত জীবনের মা মুক্তি বেগম।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) জগনাথ চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। হত্যার দিন ঘটনাস্থল থেকে আব্বাস আলী (৩৫) নামে এক ব্যক্তিকে ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে পুলিশ গ্রেফতার করেছিল। এ নিয়ে এ মামলায় দুইজনকে গ্রেফতার করা হলো। এ মামলায় গ্রেফতারকৃত প্রধান আসামি হচ্ছে শহরের সলেমানপুর তেঁতুলতলা পাড়ার দাউদ হোসেনের ছেলে সোহাগ হোসেন এবং মামলার ৮নং আসামি একই পাড়ার মৃত হযরত আলীর ছেলে আব্বাস আলী।
জগনাথ চন্দ্র আরও জানান , সোমবার ঢাকার একটি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় তাকে আটক করা হয়। সংঘর্ষে সোহাগ হোসেনও মারাত্মক আহত হয়। ঘটনার পর থেকে সে গোপনে চিকিৎসা নিচ্ছিল। তাকে ওই দিন ঢাকা থেকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়। পরবর্তীতে সোহাগকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রিজন সেলে নেওয়া হয়েছে।
এদিকে জোড়া হত্যা ঘটনায় উপজেলা এলাঙ্গী গ্রামের নিহত আক্তার হোসেনের পিতা বাবু তালেব জোড়া হত্যা মামলার বাদী হয়ে স্থানীয় থানায় মামলাটি দায়ের করেন। কিন্তু একই ঘটনায় অপর নিহত জীবনের মা মুক্তি বেগম মামলাটি প্রভাবিত হতে পারে এবং সন্তান হত্যার বিচার না পাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের দাবি হত্যার নেপথ্যে থাকা শক্তিশালী চক্রের কারণে মামলাটি প্রভাবিত হতে পারে। এ কারণে মামলাটি পিবিআইয়ের হাতে হস্তান্তর চান। সেই সাথে নেপথ্যে থেকে হত্যা ঘটনা জন্ম দেওয়া মুখোশধারীদের বিচারের দাবিও জানান।
প্রসঙ্গত, স্থানীয় স্ট্যান্ডের বাজারে টোল আদায় নিয়ে আওয়ামীলীগের দুই গ্র“পের গত ১৪ এপ্রিল তারিখে সংঘর্ষ হয়। এতে দুই জন নিহত হয়। নিহতরা হলো জীবন(২২) এবং আক্তার হোসেন(২১)। এ ঘটনায় সে সময় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করে কোটচাঁদপুর থানায় একটি মামলা হয়।