ওয়ানডের পর অসিদের বিপক্ষে টি-২০ সিরিজও স্থগিত করলো নিউজিল্যান্ড

0

লোকসমাজ ডেস্ক॥ করোনার কারণে খেলোয়াড়দের আইসোলেশন এবং কোয়ারেন্টাইনের জায়গা দিতে পারবে না- যার ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করলো নিউজিল্যান্ড। চারম্যাচের ওয়ানডে সিরিজ স্থগিত করার পর এবার টি-টোয়েন্টিও স্থগিত করলো কিউইরা। মার্চের মাঝামাঝি সময়ে চার দিনের মধ্যে তিন ম্যাচের এই সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নেপিয়ারে। কিন্তু করোনা জটিলতার কারণে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড মিলে স্থগিত করার সিদ্ধান্তে একমত হয়েছে। নিউজিল্যান্ড প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজটি মাসের শেষ দিকে নিয়ে যাবে। ২৫ মার্চ নেদারল্যান্ডসের বিপক্ষে নেপিয়ারের ম্যাকলিন পার্কে টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে কিউইদের। এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাওরাঙার বে ওভালে। অস্ট্রেলিয়াও তাদের সফরটি সংক্ষিপ্ত করে আনতে চেয়েছিল। করোনার কারণে যে বিধি-নিষেধ আরোপিত হয়েছে, সে কারণেই এমন সিদ্ধান্ত। কিন্তু অস্ট্রেলিয়া থেকে কেউ নিউজিল্যান্ডে প্রবেশ করলেই যে অতিরিক্ত বিধি নিষেধ পালন করতে হয়, তার কারণেই অসি ক্রিকেটারদের জন্য কোয়ারেন্টাইন করার মত জায়গা দিতে অপারগতা প্রকাশ করে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। এ কারণেই শেষ পর্যন্ত সিরিজটি স্থগিত করা হয়েছে। এর আগে জানুয়ারির মাঝামাঝি সময়ে একই কারণে স্থগিত করা হয় চার ম্যাচের ওয়ানডে সিরিজ। ৩০ জানুয়ারি থেকে সিরিজটি শুরু হওয়ার কথা ছিল।