এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ

0
আজ প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে পাসের হার ৫৫.৪৯% এবং কারিগরি বোর্ডে ৫৮.২০%। ১১টি শিক্ষা বোর্ডে সমন্বিতভাবে মোট পাসের হার ৬২.২৫ শতাংশ।। ছবি: সংগৃহীত

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে। এতে সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডেও পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা গতবারের তুলনায় কমেছে।

বাংলাদেশ শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৫.৪৯ শতাংশ। এই বোর্ড থেকে মোট ৬ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী পূর্ণাঙ্গ জিপিএ-৫ বা সর্বোচ্চ গ্রেড পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছেন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৫৮.২০ শতাংশ। এই বোর্ডের অধীনে মোট ৩ হাজার ৯৫১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এ বছর গড় পাসের হার ৬৪.০৫ শতাংশ, যা গত বছর ছিল ৬৮.০৪ শতাংশ। সেই হিসাবে সাধারণ বোর্ডে পাসের হার ৩.৯৯ শতাংশ কমেছে। এবার সাধারণ ৯টি বোর্ডে ১ লাখ ৬ হাজার ৯ জন জিপিএ-৫ পেয়েছেন, যা গত বছর ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

সব মিলিয়ে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাবোর্ডসহ মোট ১১টি শিক্ষা বোর্ডে সমন্বিত গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২.২৫ শতাংশ। আর এই ১১টি বোর্ডে সর্বমোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।

আজ সোমবার (১০ আগস্ট ২০২৬) সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল উদ্বোধন করেন। উদ্বোধনের পর সকাল থেকেই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও বোর্ডের অনলাইনে একযোগে ফলাফল দেখার সুযোগ পাচ্ছেন পরীক্ষার্থীরা।