এনসিপিতে ভাঙনের সুর; ‘প্রতারণা’ ও ‘মাইনাস পলিটিক্স’-এর অভিযোগে তাসনুভা জাবীনের পদত্যাগ

0
‘জোটের নামে প্রতারণা’; এনসিপি থেকে প্রতিষ্ঠাতা সদস্য তাসনুভা জাবীনের পদত্যাগ ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ নির্বাচনের প্রাক্কালে বড় ধরনের অভ্যন্তরীণ সংকটে পড়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা এবং দলের শীর্ষ নেতৃত্বের ‘অগণতান্ত্রিক’ প্রক্রিয়ার প্রতিবাদে পদত্যাগ করেছেন দলটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবীন। আজ রোববার (২৮ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ ও বিস্ফোরক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাসনুভা জাবীনের দীর্ঘ বিবৃতি

তাসনুভা জাবীন তাঁর পোস্টে অভিযোগ করেন, জামায়াতের সঙ্গে এই জোট কোনো সাধারণ কৌশল নয়, বরং একটি সুনিপুণ পরিকল্পনা। তিনি দাবি করেন, দেশের ১২৫ জনকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে শেষ মুহূর্তে মাত্র ৩০টি আসনের জন্য সমঝোতা করে বাকিদের নির্বাচন করার সুযোগ কেড়ে নেওয়া হয়েছে। পুরো বিষয়টি এমন সময়ে চূড়ান্ত করা হয়েছে যাতে বঞ্চিত প্রার্থীরা স্বতন্ত্র হিসেবেও দাঁড়াতে না পারেন। একে তিনি দলের সাধারণ কর্মীদের সঙ্গে ‘প্রতারণা’ ও ‘মাইনাস পলিটিক্স’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট এনসিপিতে চর্চা নয়, বরং ব্যবহার করা হচ্ছে। দলের শীর্ষ নেতারা নিজেদের মধ্যে রাজনীতিতে এতো ব্যস্ত যে তারা দেশের জন্য নতুন ধারার রাজনীতি করতে ব্যর্থ। তাসনুভা জাবীন স্পষ্ট জানিয়েছেন, যে দল গঠনের শুরুতেই আদর্শ বিসর্জন দিয়ে কেবল এমপি হওয়ার জন্য ‘হাভাতে’র মতো আচরণ করে, সেই নেতৃত্ব মানা তাঁর পক্ষে অসম্ভব। পদত্যাগের পাশাপাশি তিনি নির্বাচনী ফান্ডে পাওয়া সাধারণ মানুষের ডোনেশন ফেরত দেওয়ারও ঘোষণা দিয়েছেন।