এক ব্যাগে ৯টি অস্ত্র নিয়ে শংকরপুরে যুবক আটক

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ একটি প্লাস্টিকের ব্যাগে ৯টি ধারালো অস্ত্র নিয়ে রাতের আঁধারে চলছিলেন এক যুবক। তবে শেষ রক্ষা হয়নি, ডিবি পুলিশের তল্লাশিতে ধরা পড়েছেন তিনি। গত সোমবার রাত ১১টার দিকে শহরের যশোর কলেজ রোড থেকে রাহাত হোসেন (৩০) নামে ওই যুবককে আটক করে ডিবি পুলিশ।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সামিউল ইসলামের নেতৃত্বে একটি টিম যশোর কলেজ রোডের জনৈক হোসেন মোল্লার বাড়ির সামনে অভিযান চালায়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে রাহাত হোসেন নামে ওই যুবক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে পিছু ধাওয়া করে আটক করে।

পরে তার সাথে থাকা ওই প্লাস্টিকের ব্যাগের ভেতর তল্লাশি চালিয়ে ৯টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি চাইনিজ কুড়াল, ৩টি বার্মিজ চাকু, দেশীয় কায়দায় চাইনিজ কুড়াল তৈরির ৪টি পাত ও ১টি হাসুয়া।

পুলিশ সূত্র জানায়, আটক রাহাত হোসেন শংকরপুর এলাকার জাকির হোসেনের ছেলে। এই অস্ত্র বহনের ঘটনায় তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডিবি পুলিশ আরও জানায়, আটক রাহাত হোসেনের বিরুদ্ধে এর আগেও অস্ত্র আইনের ১টি মামলাসহ মোট ৩টি মামলা রয়েছে।