এইচএসসি পরীক্ষা দিতে না পারাদের জন্য বিশেষ সুযোগ; ভুল প্রশ্নে মিলবে পূর্ণ নম্বর

0
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।। ছবি: সংগৃহীত
বৈরী আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যেসব শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি, তাঁরা চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভুল থাকা দুটি প্রশ্নে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে।

জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে আজ শিক্ষামন্ত্রী এই বিশেষ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবন গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। তাই তাঁদের ভবিষ্যতের কথা বিবেচনা করে বিশেষ বিবেচনায় এই সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সংসদে শিক্ষামন্ত্রী বলেন, এবারের পরীক্ষায় দেশজুড়ে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। সম্প্রতি অতিবৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে থাকা পাঁচ জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানের পরীক্ষা স্থগিত করতে হয়েছিল।

তবে চট্টগ্রাম বোর্ডের বাইরেও ঢাকা ও দেশের অন্যান্য জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও নানাবিধ অনিবার্য কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেননি। তাঁদের ক্ষতি পুষিয়ে নিতেই চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া বিষয়ের অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হবে। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল প্রশ্ন প্রণয়নের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের ইতিমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। উক্ত পরীক্ষার প্রশ্নপত্রের ৬ ও ৭ নম্বর প্রশ্নে যে ভুল ছিল, তার বিপরীতে সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেন।