উপায় না পেয়ে স্পিনার বাড়ালো অস্ট্রেলিয়া

0

লোকসমাজ ডেস্ক॥ রাওয়ালপিন্ডি টেস্টে অতিরিক্ত ব্যাটিংবান্ধব উইকেটে একদমই সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়ার বোলাররা। ম্যাচে দুই ইনিংস মিলে ২৩৯ ওভার বোলিং করতে মাত্র ৪ উইকেট নিয়েছে তারা। যার মধ্যে একটি ছিল আবার রানআউট। বাকি তিনটির মধ্যে পেসারদের দখলে ছিল মাত্র একটি। প্রথম ম্যাচে নিষ্ফলা ড্রয়ের পর শনিবার করাচিতে শুরু হতে যাওয়া দ্বিতীয় ম্যাচে স্পিনিং উইকেট বানানোর ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। মূলত নিজেদের শক্তিমত্তার ওপর ভরসা রেখে উইকেট বানানোর কথা বলেছে তারা। যা থেকেই সহজেই অনুমেয়, করাচির উইকেট হবে স্পিনারদের সহায়ক। সেই কথা মাথায় রেখে নিজেদের একাদশে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে তিন পেসার ও এক স্পিনার দিয়ে আক্রমণ সাজালেও, দ্বিতীয় ম্যাচে নেওয়া হয়েছে সমান দুজন করে পেসার ও স্পিনার। শুক্রবার ম্যাচের আগের দিন একাদশ জানিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স।
ডানহাতি পেসার জশ হ্যাজলউডকে বসিয়ে লেগস্পিনার মিচেল সুয়েপসনের অভিষেক করাচ্ছে অসিরা। দেশটির ৪৬৪তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে চলেছে সুয়েপসনের। দীর্ঘ পাঁচ বছর দলের সঙ্গে বিভিন্ন সফরে যাওয়ার পর অবশেষে সাদা পোশাকে মাঠে নামা হচ্ছে তার। ২০০৯ সালে সবশেষ কোনো লেগস্পিনারের অভিষেক করিয়েছিল অস্ট্রেলিয়া। টেস্ট ক্যাপ পান ব্রাইস ম্যাকগেইন। প্রায় ১৩ বছর পর ফের লেগস্পিনার হিসেবে একাদশে এলেন সুয়েপসন। কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নের মৃত্যুর এক সপ্তাহ পরই দলে লেগস্পিনার ফেরালো অসিরা। করাচি টেস্টে অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ন ও মিচেল সুয়েপসন।