ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে সোমবার থেকে চলবে ১০টি বিশেষ ট্রেন: রেলমন্ত্রী

0
ছবি: সংগৃহীত।

লোকসমাজ ডেস্ক ॥ ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে আগামীকাল সোমবার থেকে ৫ জোড়া অর্থাৎ অতিরিক্ত ১০টি বিশেষ (স্পেশাল) ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। একই সঙ্গে রেলের বহরে নতুন করে ৫১টি কোচ যুক্ত করায় এবারের যাতায়াত আরও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

রোববার (২৪ মে) কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে ঈদযাত্রার সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। রেলমন্ত্রী স্বীকার করেন যে, বিপুল চাহিদার তুলনায় রেলের বর্তমান সক্ষমতা পর্যাপ্ত নয়।

তিনি বলেন, আমাদের যে ট্রেনের সংখ্যা, তা যাতায়াত নিশ্চিত করার জন্য যথেষ্ট নয়। স্বাভাবিক সময়ে আমরা প্রতিদিন ৩২ হাজার মানুষকে আন্তঃনগর ট্রেনে ভ্রমণের সুযোগ দিতে পারি। ঈদ উপলক্ষে সক্ষমতা আরও ২৫ শতাংশ বাড়িয়ে অতিরিক্ত ৪ হাজার যাত্রী পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। তবে লাখ লাখ মানুষের ট্রেনে যাওয়ার ইচ্ছা থাকে, তাই এই ব্যবস্থাপনাটি আমাদের জন্য বেশ বড় চ্যালেঞ্জ।

তিনি আরও যোগ করেন, চাহিদা অনুযায়ী ট্রেনের সংখ্যা, রেললাইন, লোকোমোটিভ (ইঞ্জিন) ও কোচের সংখ্যা এখনও আশানুরূপ বাড়ানো সম্ভব হয়নি। তবে দুর্ঘটনা বা লাইনচ্যুতির (ডিরেল) ঝুঁকি রয়েছে এমন জায়গাগুলো চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান লাইনের যে অবস্থা, তাতে বড় কোনো বিপর্যয় হবে না বলে তিনি আশ্বস্ত করেন।

এসময় স্টেশনগুলোর শতভাগ নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে কিছু সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, সব স্টেশন এখনও পুরোপুরি সুরক্ষিত (সিকিউরড) করা সম্ভব হয়নি। স্টেশনগুলো একেবারে আবদ্ধ করা বা প্রবেশাধিকার পুরোপুরি নিয়ন্ত্রণ করা না গেলেও যা ব্যবস্থা রয়েছে, তা নিয়েই সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।