ইস্যু থাকবে, সেটার সমাধানও হবে: দীনেশ ত্রিবেদী

0
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের (ডানে) সঙ্গে বৈঠক করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী (বাঁয়ে)।। ছবি: সংগৃহীত

গণতন্ত্রে ইস্যু বা নানা মতভেদ থাকা স্বাভাবিক এবং আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, “গণতন্ত্রে ইস্যু থাকবে, ইস্যু না থাকলে সেটা গণতন্ত্র নয়। এমন কোনো ইস্যু নেই যেটা বসে সমাধান করা সম্ভব নয়। ইস্যু থাকবে, সেটার সমাধানও হবে। তবে দুই দেশের মানুষের মূল চাওয়া একটাই—তা হলো ভালো সম্পর্ক।”

আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী জোর দিয়ে বলেন, বাংলাদেশ ও ভারত—দুই দেশেই শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান। দুই দেশের সাধারণ মানুষই পারস্পরিক সুসম্পর্ক কামনা করে। সামনের দিনগুলোতে দুই দেশের শীর্ষ নেতৃত্ব একসাথে বসলে বহু বিষয়ে ইতিবাচক আলোচনা হবে এবং নতুন সম্ভাবনার পথ খুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সুনির্দিষ্ট আলোচনা প্রসঙ্গে তিনি যোগ করেন, সুসম্পর্ক বজায় থাকলে উভয় পক্ষই সমানভাবে লাভবান হবে এবং তারা ইতিবাচক মানসিকতা নিয়ে সামনে এগোতে চান।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্কের উষ্ণতা তুলে ধরে হাইকমিশনার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় তাঁর মনেই হয়নি এটি প্রথম সাক্ষাৎ। ঘরের ভেতরেও নানা ইস্যু থাকে, তেমনি দুই দেশের মধ্যেও থাকতে পারে, তবে সমাধান হবে না এমন কিছু নেই। বাংলাদেশে দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এ দেশের মানুষের কাছ থেকে তিনি প্রচুর আদর, শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছেন।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পাশাপাশি আজ বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান এবং দুই দেশের দ্বিপাক্ষিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় ভারত যেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর (প্রত্যর্পণ) প্রক্রিয়াটি ত্বরান্বিত করে, সে বিষয়ে বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরা হয়।