ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে মতিঝিলে মানববন্ধন, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

0
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়; যার সামনে আজ সকালে নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে মানববন্ধনের ডাক দেওয়া হয়েছিল।। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। সোমবার সকালে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া কর্মসূচি ১০টার আগেই জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। আয়োজকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে এলেও তা প্রদর্শনের সুযোগ পাননি। এ সময় পুরো ব্যাংকপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ব্যাংকটির কর্মকর্তারা জানান, ঈদের আগের শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের নিয়োগ করা স্বতন্ত্র পরিচালক ছিলেন। ওই দিনই রাত ৯টায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়।

এই নিয়োগের প্রতিবাদে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে ঈদের ছুটির মধ্যেই দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি পালিত হয়। আয়োজকদের ব্যানারে ‘ফ্যাসিবাদের দোসরকে নতুন চেয়ারম্যান’ নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানানো হয়। আজ সকালে অফিস শুরুর আগেই সদর দফতরের সামনে কর্মসূচি শুরু হয়।

পুলিশ অনুমতি না থাকার কথা জানিয়ে কর্মসূচি না করার আহ্বান জানায়। তবে ব্যানার প্রদর্শন শুরু হলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম জানান, ব্যাংকটির কিছু গ্রাহক সড়ক অবরোধ করেছিলেন, তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।