ইরানে তরুণ বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে আজ

0
ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায় থাকা তরুণ এরফান সোলতানি ।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়া তরুণ এরফান সোলতানির (২৬) মৃত্যুদণ্ড আজ বুধবার কার্যকর হতে পারে। নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হেনগো অর্গানাইজেশন’ এই তথ্য নিশ্চিত করেছে। গত বৃহস্পতিবার তেহরানের নিকটবর্তী কারাজ শহর থেকে বিক্ষোভ চলাকালে তাকে আটক করা হয়েছিল।

বিস্ময়কর বিষয় হলো, গ্রেপ্তারের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এরফানের বিচার, দোষী সাব্যস্তকরণ এবং সাজা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে ইরানি কর্তৃপক্ষ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, ১১ জানুয়ারি এরফানের পরিবারকে মৃত্যুদণ্ডের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়। সংস্থাটি অভিযোগ করেছে, যথাযথ আইনি সুযোগ না দিয়ে নির্বিচার মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে ইরান সরকার জনমনে ত্রাস সৃষ্টি ও ভিন্নমত দমন করতে চাইছে।

২০২২ সালের পর সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে থাকা ইরান সরকার এই বিক্ষোভকে ‘সন্ত্রাসবাদ’ ও ‘বিদেশি উসকানি’ হিসেবে আখ্যা দিচ্ছে। গতকাল এক সরকারি কর্মকর্তা বিক্ষোভে নিহতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে বলে দাবি করেছেন। এই উত্তাল পরিস্থিতির মাঝেই তরুণ এরফানের মৃত্যুদণ্ড কার্যকর করার সংবাদে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে নিন্দার ঝড় উঠেছে।