আহত হলেও নিরাপদ আছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

0
মোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের তথ্যে বিশাল পুরস্কার ঘোষণা আমেরিকার।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥  ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুদ্ধকালীন অভিযানে আহত হলেও বর্তমানে তিনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন বলে নিশ্চিত করেছে তেহরান। বুধবার (১১ মার্চ) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পুত্র ও সরকারের উপদেষ্টা ইউসেফ পেজেশকিয়ান এই তথ্য নিশ্চিত করেছেন। গত তিন দিন ধরে মোজতবা খামেনির অবস্থান ও স্বাস্থ্য নিয়ে বিশ্বজুড়ে চলা নানা গুঞ্জনের অবসান ঘটাতেই এই বিবৃতি দেওয়া হয়েছে।

ইউসেফ পেজেশকিয়ান তাঁর ব্যক্তিগত টেলিগ্রাম চ্যানেলে জানান, নতুন সর্বোচ্চ নেতার আহতের খবর পাওয়ার পর তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। কর্তৃপক্ষ তাঁকে আশ্বস্ত করেছে যে, মোজতবা খামেনি আল্লাহর রহমতে সম্পূর্ণ নিরাপদ আছেন। এদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ৫৬ বছর বয়সী এই নেতাকে ‘রমজান যুদ্ধের আহত যোদ্ধা’ হিসেবে অভিহিত করেছে। তবে তাঁর শরীরের কোথায় এবং কতটা গুরুতর আঘাত লেগেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মাত্র তিন দিন আগে ইরানের দায়িত্বভার গ্রহণ করেন মোজতবা খামেনি। এরপর তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি। দ্য গার্ডিয়ান ও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রথম দিনই তিনি আহত হন। তিন ইরানি ও দুই ইসরায়েলি কর্মকর্তার বরাতে মার্কিন সংবাদমাধ্যমটি জানায়, তেহরানের ওপর বড় ধরনের আগ্রাসনের সময় এই চোট পান তিনি। বর্তমানে তিনি কঠোর গোপনীয়তার মধ্যে চিকিৎসাধীন রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।