আলমডাঙ্গায় অস্ত্রসহ ২৪ মামলার আসামি পিয়াল সহযোগীসহ আটক

0

চুয়াডাঙ্গা সংবাদদাতা॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার শীর্ষ সন্ত্রাসী ২৪ মামলার আসামি পিয়াল মাহমুদ সাদ্দাম (৩২) ও তার সহযোগী আতাউর রহমান রকিকে (৩২) সাটারগান, রামদা, চাইনিজ কুড়াল ও নেশা জাতীয় ৫২টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আলমডাঙ্গা থানা পুলিশ গ্রেফতার করেছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান এক বার্তায় জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এসআই কাজী শামসুল আলমসহ একদল পুলিশ সদস্য আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মরহুম আব্দুল মজিদের ছেলে পিয়াল মাহামুদ সাদ্দামকে একটি মুরগীর ফার্ম থেকে ও আলমডাঙ্গা পৌর শহরের বাজারপাড়ার মরহুম মজিবর রহমানের ছেলে আতাউর রহমান রকিকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন।

এ সময় তাদের কাছ থেকে ১টি সাটারগান, ১টি রামদা, ১টি চায়নিজ কুড়াল, ৫২টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানের সময় অন্যান্য পলাতক আসামিদের ফেলে যাওয়া ১টি লাল- কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন ১২৫ সিসি টিভিএস রাইডার মোটরসাইকেল, ১টি নীল রঙের ইয়ামাহা আরএক্স-১২৫ সিসি মোটরসাইকেল, ১ট লাল রঙের ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতার সাদ্দামের বিরুদ্ধে অস্ত্র ,মাদক ও ডাকাতি প্রচেষ্টার মামলা রয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়।