আমরা ব্যালট–বিপ্লব চেয়েছি, কতিপয় রাজনৈতিক দল বুলেট–বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে: হাসনাত

0
দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

লোকসমাজ ডেস্ক ॥ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা চেয়েছি ব্যালট–বিপ্লব, কতিপয় রাজনৈতিক দল বুলেট–বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার প্রতিবাদে আয়োজিত শোক ও সংহতি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এনসিপিএর শীর্ষ এই নেতা বলেন, ‘আমরা চেয়েছি একটা ব্যালট–বিপ্লব। কিন্তু কতিপয় রাজনৈতিক দল বুলেট–বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে। আমাদের সবাইকে একসঙ্গে অন্যায়ের বিপক্ষে, ইনসাফের পক্ষে লড়ে যেতে হবে। হাদি ভাই আমাদের শিখিয়েছেন, আমরা জান দেব কিন্তু জুলাই দেব না।’

তিনি বলেন, ‘ন্যায়, ইনসাফ ও গণতন্ত্রের পথ রুদ্ধ করতে যত ভয়ভীতিই দেখানো হোক না কেন, সন্ত্রাসবাদ ও আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আগেও কখনো মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না। যারা ১৫ বছর জুলুমতন্ত্র চালিয়েছে, তাদের পালাতে ১৫ মিনিটও লাগেনি। ভবিষ্যতে যারা জনগণকে জিম্মি করতে চাইবে, তারাও জনরোষে পালাতে বাধ্য হবে।’