আগস্টেও অস্থিতিশীল আবহাওয়া: হতে পারে বন্যা, তাপপ্রবাহ ও লঘুচাপ

0
উত্তরাঞ্চলসহ ৩ অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা, তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে বেশি ।। ছবি: সংগৃহীত

সদ্য বিদায়ী জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে প্রায় ৩৫.৬ শতাংশ বেশি বৃষ্টিপাতের পর চলতি আগস্ট মাসেও দেশের আবহাওয়া খুব একটা স্থিতিশীল থাকবে না বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও বঙ্গোপসাগরে এক থেকে দুটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কিছু অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা এবং একাধিক মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

রোববার ঢাকার আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রণয়নের জন্য গঠিত বিশেষজ্ঞ কমিটির নিয়মিত সভায় জুলাই মাসের আবহাওয়ার পর্যালোচনা এবং আগস্ট মাসের পূর্বাভাস প্রকাশ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগস্ট মাসে দেশের প্রধান নদনদীর পানির স্তর সামগ্রিকভাবে বাড়তে পারে। মৌসুমি ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পাশাপাশি এ মাসে পাঁচ থেকে ছয় দিন বজ্রঝড় হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে এক থেকে দুটি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বিশেষজ্ঞ কমিটি বিভাগে বিভাগে সম্ভাব্য বৃষ্টিপাতের পরিমাণও নির্ধারণ করেছে। পূর্বাভাস অনুযায়ী, এ মাসে ঢাকায় ২৮০ থেকে ৩২০ মিলিমিটার, ময়মনসিংহে ৩৪০ থেকে ৩৮০ মিলিমিটার, চট্টগ্রামে ৪৮০ থেকে ৫২০ মিলিমিটার, সিলেটে ৪৫০ থেকে ৪৯০ মিলিমিটার, রাজশাহীতে ২৪০ থেকে ২৬০ মিলিমিটার, রংপুরে ৩৫০ থেকে ৩৯০ মিলিমিটার, খুলনায় ২৬০ থেকে ৩০০ মিলিমিটার এবং বরিশালে ৩৮০ থেকে ৪২০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

কৃষি আবহাওয়ার বিষয়ে বিশেষজ্ঞ কমিটি জানিয়েছে, আগস্ট মাসে দৈনিক গড় বাষ্পীভবন ২.৫ থেকে ৪.৫ মিলিমিটার এবং গড় উজ্জ্বল সূর্যকিরণের সময় ২.৫ থেকে ৪.৫ ঘণ্টা থাকতে পারে, যা আমন ধানসহ চলমান কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, বিদায়ী জুলাই মাসে দেশে গড়ে ৬৬৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিক গড় ৪৯১ মিলিমিটারের তুলনায় প্রায় ৩৫.৬ শতাংশ বেশি। জুলাই মাসে খুলনা বিভাগে স্বাভাবিকের চেয়ে সবচেয়ে বেশি ৫৩ শতাংশ এবং চট্টগ্রামে ৫১ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এ ছাড়া সিলেটে ৩৭.৩ শতাংশ, ঢাকায় ৩৩.৪ শতাংশ, রাজশাহীতে ১৩.৬ শতাংশ এবং বরিশালে ১২.৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এ সময়ে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া তিনটি লঘুচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টিপাত হয়। গত ৮ জুলাই চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চ ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।

এদিকে, আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত আগামী তিন মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে দেশে সামগ্রিকভাবে স্বাভাবিকের তুলনায় কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে।