আইনমন্ত্রীর ফোনালাপ ফাঁসের অভিযোগ তদন্ত দাবি বিএনপির

0

লোকসমাজ ডেস্ক॥ আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ফোনালাপ ফাঁস হওয়ার বিষয়ে নিরপেক্ষ তদন্ত দাবি করেছে বিএনপি। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি জানান। গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভার বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, সম্প্রতি আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ফোনলাপ ফাঁস হওয়ার বিষয় উঠে আসে। এই ফোনালাপকে ‘ইনোসেন্ট কথোপকথন’ বা ‘নির্দোষ ফোনালাপ’ বলে আইনমন্ত্রীর মন্তব্য এবং ফোনালাপ ফাঁস হওয়ার বিষয় তদন্তের বিষয়টি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। সভা মনে করে ফোনালাপটিকে ‘নির্দোষ ফোনলাপ’ বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, যেহেতু আইনমন্ত্রী ফোনালাপটির সত্যতা স্বীকার করেছেন, সেহেতু এই ফোনালাপের বিষয়বস্তুগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে পর্যালোচনা এবং ফোনালাপে আলোচিত বিষয়গুলো সম্পর্কে নিরপেক্ষ তদন্ত, জনগণের কাছে সত্য তুলে ধরা এবং জবাবদিহিতা অত্যন্ত জরুরি। মির্জা ফখরুল বলেন, তাদের ফোনালাপের বিষয়গুলো পর্যালোচনায় সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতার এবং হস্তক্ষেপের সুস্পষ্ট আভাস পাওয়া যায়। সভা অবিলম্বে এই ফোনলাপ ফাঁস হওয়া বিষয়ে শুধু তদন্ত নয় ফোনলাপের বিষয়বস্তু সম্পর্কে নিরপেক্ষ তদন্ত দাবি করছে এবং দুর্নীতি দমন কমিশনের হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে অতীতে ফাঁস হওয়া সব ফোনালাপ সম্পর্কে নিরপেক্ষ তদন্ত দাবি করছে।