অভয়নগর ও মনিরামপুরে দুই হত্যাকাণ্ড নিয়ে পুলিশি তৎপরতার ভিন্ন চিত্র

0

 

মীর মঈন হোসেন মুসা ॥ মাত্র ১৭ দিনের ব্যবধানে অভয়নগর ও মনিরামপুরে জিয়াউর রহমান ওরফে জিয়া ফকির ও উদয় শংকর বিশ্বাস নামে দুই যুবক চরমপন্থি সন্ত্রাসীদের বোমা হামলা ও গুলিতে নিহত হন। শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে ওই দুটি হত্যার ঘটনা ঘটে। কিন্তু এর মধ্যে উদয় শংকর বিশ্বাস হত্যায় জড়িতদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। এই হত্যা মামলায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুই জনকে আটকও করেছে পুলিশ। কিন্তু এর বিপরীত অবস্থা পরিলক্ষিত হচ্ছে জিয়া ফকির হত্যা মামলার ক্ষেত্রে। জিয়া ফকির হত্যা মামলার তদন্ত কর্মকর্তাও স্বীকার করেছেন,এ ঘটনায় জড়িত কেউ আটক হয়নি।
গত ১৬ অক্টোবর সকালে মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামে নিজ বাড়ির সামনে খুন হন উদয় শংকর বিশ্বাস। গুলি চালিয়ে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত উদয় শংকর বিশ্বাস নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি, নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক, পাঁচাকড়ি টেকেরঘাট বালিকা বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও পাঁচাকড়ি গ্রামের বৈকালী সর্বজনীন পূজা মন্ডপের সভাপতি ছিলেন। মাছের ঘের ব্যবসার সাথেও তিনি সম্পৃক্ত ছিলেন।
কী কারণে উদয় শংকর বিশ্বাস খুন হয়েছেন এ বিষয়টি এখনো পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে পরিষ্কার নয়। তবে হত্যার ঘটনায় নিহতের মা ছবি রানী বিশ্বাস মনিরামপুর থানায় যে মামলা করেছেন তাতে উল্লেখ করা হয়েছে, পাঁচাকড়ি টেকেরঘাট বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন, বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ৩ জনকে নিয়োগ এবং স্থানীয় একটি মাছের ঘেরকে নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে উদয় শংকর বিশ্বাসকে হত্যা করা হতে পারে। এই মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন নেহালপুর পুলিশ ক্যাম্পের এসআই আব্দুল হান্নান। তিনি হত্যায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেন। কিন্তু তাদের কাছ থেকে হত্যার বিষয়ে কোনো তথ্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এরই মধ্যে মামলাটি ডিবি পুলিশে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্ত করছেন ডিবি পুলিশের এসআই মো. আমিরুল ইসলাম। মামলাটি গ্রহণের পর থেকে তিনি জড়িতদের শনাক্ত ও আটকের জন্য ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন । কিন্তু কাউকে আটক করতে পারেনি ডিবি পুলিশ।
তদন্ত কর্মকর্তা এসআই মো. আমিরুল ইসলাম জানান, তাদেরও ধারণা, পাঁচাকড়ি টেকেরঘাট বালিকা বিদ্যালয় ও মাছের ঘের সংক্রান্ত বিষয় নিয়ে উদয় শংকর বিশ্বাস খুন হতে পারেন। তারা হত্যায় জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। জড়িতরা আটক না হওয়া পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না কী কারণে উদয় শংকর বিশ্বাস খুন হয়েছেন।
উদয় শংকর বিশ্বাস খুনের রেশ কাটতে না কাটতেই গত ৩ নভেম্বর রাতে অভয়নগর উপজেলার শুভরাঢ়া ইউনিয়নের রানাগাতী গ্রামে সন্ত্রাসীদের বোমা হামলায় জিয়া ফকির নামে এক যুকক খুন হন। তিনি চরমপন্থি দলের সদস্য ছিলেন বলে পুলিশের দাবি। হত্যার ঘটনায় নিহতের মা হাজেরা বেগম অজ্ঞাতনামাদের আসামি করে অভয়নগর থানায় মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন যে, স্থানীয় এসআর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন নিয়ে দ্বন্দ্বে জিয়া ফকির খুন হতে পারেন। ওই নির্বাচনে জিয়া ফকির সভাপতি প্রার্থী আকতার হোসেন মল্লিকের পক্ষে ছিলেন।
এদিকে উদয় শংকর বিশ্বাস হত্যায় জড়িতদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনীর যে ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে তার বিপরীত অবস্থা পরিলক্ষিত হচ্ছে জিয়া ফকির হত্যা মামলার ক্ষেত্রে। কোনো হত্যার ঘটনা ঘটলে থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও তৎপরতা চালিয়ে থাকে। কিন্তু ডিবি পুলিশেরও তেমন কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। তাছাড়া হত্যার এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও জড়িত কাউকে শনাক্ত ও আটক করতে পারেনি থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, হত্যার ঘটনায় কাউকে আটক করা যায়নি।
স্থানীয়রা অভিযোগ করেছেন, অভয়নগর ও মনিরামপুর অঞ্চলে চরমপন্থি সন্ত্রাসীদের ব্যাপক তৎপতরা রয়েছে। কয়েক বছরে এসব অঞ্চলে আধিপত্য বিস্তারসহ নানা দ্বন্দ্বের কারণে চরমপন্থি সন্ত্রাসীদের হাতে বেশ কয়েকজন খুন হয়েছেন। মাত্র ১৭ দিনের ব্যবধানে জিয়া ফকির ও উদয় শংকর বিশ্বাস নামে দুই যুবক চরমপন্থি সন্ত্রাসীদের হাতে খুন হওয়ায় সর্বত্র চরম আতঙ্ক বিরাজ করছে।