অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

0

স্টাফ রিপোর্টার, অভয়নগর (যশোর)॥ যশোরের অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মোল্যা (৩৬) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের মোল্যাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত সোহেল মোল্যা পুড়াখালী গ্রামের মৃত ওমর আলী মোল্যার বড় ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি দিনমজুরের কাজ করতেন। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দক্ষিণ মোল্যাপাড়া জামে মসজিদের পাশের একটি সুপারী গাছ কাটেন সোহেল। সেই গাছ নিচে না পড়ে বৈদ্যুতিক তারে বেধে যায়। এসময় হাত দিয়ে গাছ সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাৎক্ষনিক এলাকাবাসী টের পেয়ে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাভোকেট নাসির উদ্দিন বলেন, নিহত সোহেল আমার ভাইপো তিনি সুপারী গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার অথৈ সাহা বলেন, আমি সোহেল নামের একজন ব্যক্তিকে মৃত অবস্থায় পেয়েছি। তিনি বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছেন বলে জানতে পেরেছি।