অবৈধ পথে দেশে প্রবেশের অভিযোগে বেনাপোলে দুই হিজড়া আটক

0

স্টাফ রিপোর্টার ॥ বেনাপোলের ধান্যখোলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের অভিযোগে দুই হিজড়াকে আটক করেছে বিজিবি। শনিবার ভোরে ধান্যখোলার জেলেপাড়া থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, পাবনা সদর উপজেলার জালালপুর গ্রামের করিম আলীর সন্তান জাহিদুল ইসলাম ও কুচিয়ামারা গ্রামের মোতাহার আলীর সন্তান জহিরুল ইসলাম।

বিজিবি সূত্র জানায়, ভোরে ধান্যখোলা ক্যাম্পের বিজিবি সদস্যরা জেলেপাড়া এলাকায় টহল দেওয়ার সময় ওই দুই জনকে দেখতে পায়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, অবৈধ পথে ৫ বছর আগে তারা ভারতে গিয়েছিলেন। একইভাবে তারা ভারত থেকে দেশে ফিরে এসেছেন। পরে আটক দুই জনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, আটক দুই হিজড়াকে দুপুরের পর আদালতে সোপর্দ করা হয়েছে।