রূপসায় যুবদলকর্মী ফখরুল হত্যা মামলার মূল শুটার যশোর থেকে গ্রেফতার

0
রূপসায় যুবদলকর্মী ফখরুল হত্যা মামলার মূল শুটার যশোর থেকে গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : খুলনার রূপসা উপজেলায় ইটভাটার ভেতরে ঢুকে যুবদলকর্মী ফখরুল শেখকে গুলি করে হত্যার ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে র‍্যাব। হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া কথিত মূল শুটার মোহাম্মদ ইব্রাহিম হাওলাদারকে যশোর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে যশোর সদর উপজেলার সীতারামপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ইব্রাহিম হাওলাদারকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বী প্রিন্স।

স্থানীয় সূত্র জানায়, অভিযানের আগে র‍্যাব সদস্যরা সীতারামপুর এলাকা ঘিরে ফেলেন। পরে একটি বাড়িতে অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেপ্তার করে নিয়ে যান। আকস্মিক এ অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

র‍্যাব জানায়, গত ১১ আগস্ট রাত আনুমানিক ১টার দিকে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কিসমত খুলনা গ্রামের ‘মেসার্স রূপসা ব্রিকস’ ইটভাটায় পাহারার দায়িত্বে ছিলেন ফখরুল শেখ। এ সময় একদল দুর্বৃত্ত ইটভাটায় প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় ফখরুলকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ফখরুল শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা। তিনি রূপসা কলেজের সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে যুবদলের সক্রিয় কর্মী ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক।

হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হত্যাকাণ্ডে সরাসরি গুলি চালানো ইব্রাহিম হাওলাদার যশোরে আত্মগোপনে রয়েছেন। এরই ধারাবাহিকতায় সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার ইব্রাহিমকে খুলনার রূপসা থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলোর ধারণা, তদন্তের অগ্রগতির মাধ্যমে হত্যার প্রকৃত কারণ এবং এর নেপথ্যে জড়িত ব্যক্তিদের সম্পর্কে আরও তথ্য বেরিয়ে আসতে পারে।