রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালির ঘটনা: আয়াশসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হলো

0
রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আ ন ম আয়াশসহ চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ডিএমপি। পুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী অপরাধে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।। ছবি: সংগৃহীত

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালির ঘটনায় আটক চারজনকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা ঘটেছিল।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাটিতে রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে করা একটি মামলায় আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— আ ন ম আয়াশ (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

পুলিশ ও ঘটনা সূত্রে জানা যায়, সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনে গত শনিবার ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের সদস্যসচিব এ এন এম আয়াসসহ কয়েকজন ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুলকালি দিতে যান।

ওই দিন শাহবাগ থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক জানিয়েছিলেন, শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াস নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। তিনি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিটি মুছে দেওয়ার চেষ্টা করেছিলেন।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন গত ৫ অক্টোবর রাজধানীর সেগুনবাগিচার ফুটপাত দখলমুক্ত করে। এরপর ওই ফুটপাতের দেয়ালে শিল্পাচার্য জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামসহ দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে অবদান রাখা ১০ জন গুণী ব্যক্তিত্বের প্রতিকৃতি আঁকা হয়।

পরবর্তীতে এলাকাটি পথচারীদের নিরাপদে চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। পাশাপাশি ফুটপাতে নতুন ডাস্টবিন স্থাপন, পথচারীদের বিশ্রামের জন্য বেঞ্চ নির্মাণ এবং চারপাশের সীমানাপ্রাচীর সংস্কারের কাজ সম্পন্ন করা হয়।

ঘটনায় মূল অভিযুক্তদের অন্যতম আ ন ম আয়াস জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে নানা কর্মসূচি, ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনা, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ এবং নিজে সরাসরি হামলার শিকার হওয়াসহ নানা ঘটনার কারণে ইতোপূর্বেও আলোচনা-সমালোচনায় এসেছেন।